☰
✕

দিনাজপুরে স্তন ক্যানসার সচেতনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১১ অক্টোবর, ২০২৬

স্তন ক্যানসার সচেতনতা দিবস উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের উদ্যোগে এ সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল—‘জেনে নিন, জেগে উঠুন, স্ক্রিনিং জীবন বাঁচায়’।

সকাল সাড়ে ৮টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ফুলবাড়ী বাসস্ট্যান্ড ও সদর হাসপাতাল মোড়সহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় ময়দানের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা চলাকালে স্তন ক্যানসার প্রতিরোধ ও দ্রুত চিকিৎসার গুরুত্ব সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

আয়োজক প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল কবির বলেন, সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের বার্তা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে এই মরণব্যাধি থেকে জীবন রক্ষা করা সম্ভব।

খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চের সহসভাপতি এ কে এম আজাদ এবং সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল কবিরের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, ডা. মো. জিয়াউল হক জিয়া, রাহবার কবির পিয়াল, জুলফিকার রহমান বাবু, গোলাম রসুল রকেট প্রমুখ।