☰
✕

সিলেটে বাসচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল ৯ মাসের শিশুর

১১ অক্টোবর, ২০২৬

সিলেট-ভোলাগঞ্জ সড়কে সাদাপাথর পরিবহনের একটি বাসের চাপায় ইজিবাইকে থাকা মা ও তার ৯ মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ আরো তিনজন আহত হয়েছেন।

 

শনিবার (১০ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে সিলেট সদর উপজেলার কাকুয়ারপার এলাকায় কেওয়াছড়া সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন সিলেট নগরের শাহপরান এলাকার বাসিন্দা সুমাইয়া সিদ্দিকা তানিয়া ও তার ৯ মাস বয়সী মেয়ে ইনায়া জান্নাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী সাদাপাথর পরিবহনের বাসটি ঘটনাস্থলে অন্য একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে বাসের চাপায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়।

 

ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

 

সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, ভোলাগঞ্জ থেকে সিলেট শহরের উদ্দেশে ছেড়ে আসা সাদাপাথর পরিবহনের বাসটি বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে সরাসরি ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে মা ও মেয়ের মৃত্যু হয়।

 

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক জব্দ করে থানার হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে। পলাতক চালক ও হেলপারকে খুঁজছে পুলিশ।