১২ অক্টোবর, ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ২৬টি ঝুটের গোডাউন পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।
সোমবার (১২ অক্টোবর) রাত ২টার দিকে ফতুল্লার কাইয়ুমপুর বিলাসনগর এলাকার কাইসাবাড়ি মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, কাইসাবাড়ি মাঠ এলাকায় আনোয়ার, ইসমাইল, জুয়েল ও মুন্নাসহ কয়েকজনের মালিকানাধীন ঝুটের গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৩০ হাজার বর্গফুট জায়গাজুড়ে থাকা ২৬টি গোডাউন ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে শিবু মার্কেট ফায়ার স্টেশনের ২টি, নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের ২টি, হাজীগঞ্জ ফায়ার স্টেশনের ২টি এবং উপসহকারী পরিচালকের একটি ইউনিটসহ মোট ৭টি ইউনিট অংশ নেয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিনের নেতৃত্বে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সকাল ৭টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের হিসাবে, অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে আগুন নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রায় এক কোটি টাকার মালামাল রক্ষা করা গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঝুটের গোডাউনগুলোতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।