১২ অক্টোবর, ২০২৬
দাখিল পরীক্ষা-২০২৮-এর জন্য নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের আরও একবার সুযোগ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নতুন সময়সূচি অনুযায়ী, বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে আগামী ১ নভেম্বর পর্যন্ত। এরপর ২ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং ৩ নভেম্বরের মধ্যে ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফরমের (ই-এসআইএফ) চূড়ান্ত জমা দিতে হবে।
সোমবার (১২ অক্টোবর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি হওয়া ও অধ্যয়নরত যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন করতে পারেনি, তারা এ সুযোগ পাবে। এ জন্য সংশ্লিষ্ট মাদরাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্ধারিত ফি ও বিলম্ব ফি পরিশোধের পর শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির অপশন চালু হবে।
তবে বিলম্ব ফি দিয়ে শুধু নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করা যাবে। আগে এন্ট্রি করা শিক্ষার্থীদের তথ্য সংশোধন বা মুছে ফেলার সুযোগ থাকবে না। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে পরে আর এ সুযোগ দেওয়া হবে না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে দায় নিতে হবে বলে জানিয়েছে বোর্ড।
এদিকে ষষ্ঠ বা অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ না পাওয়া নির্দিষ্ট বয়ঃসীমার শিক্ষার্থীদের সরাসরি বোর্ডে আবেদন করে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে। এ জন্য শিক্ষার্থীর জন্মতারিখ ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে হতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১২ থেকে ২৩ বছর।
এ ধরনের শিক্ষার্থীদের প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে জন্মনিবন্ধন সনদের ফটোকপি, টেস্টিমোনিয়াল, ছবি ও ২৪১ টাকার ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক নম্বর ভবনের নিচতলার কাউন্টারে সরাসরি জমা দিতে হবে বলেও জানানো হয়েছে।