☰
✕

প্রেজেন্টেশন ও ভাষার দক্ষতায় জোর দেওয়ার আহ্বান ইবি উপাচার্যের

১৪ অক্টোবর, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, শিক্ষার্থীদের একাডেমিক মেধা, অনবদ্য পরিশ্রম ও যোগ্যতার আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে ডিন’স অ্যাওয়ার্ড দেওয়া হয়।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো সিজিপিএ বা ডিনস অ্যাওয়ার্ডের পাশাপাশি প্রেজেন্টেশন ও ভাষার দক্ষতা, নিজস্ব বিষয়ে গভীর জ্ঞান থাকা অত্যন্ত জরুরি।

বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রশাসনের আয়োজিত ডিন'স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ২০২২ সালে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশের অন্যান্য পাবলিক ও বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অনুকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়। তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন, নীতিমালার আইন ও ক্যাটাগরি খসড়া প্রদান করলে প্রশাসন আন্তরিকতার সঙ্গে প্রস্তাবটি গ্রহণ করায় ২০২২ সাল থেকেই এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যা আজকের এই অর্জনে রূপ নিয়েছে।

তিনি আরও বলেন, এ পুরস্কার অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ওপর নতুন দায়িত্ব অর্পিত হলো। অর্জিত মেধা ও মননকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে, দেশ ও দেশের মানুষের সেবায় এবং বিশ্ববিদ্যালয়ের সম্মান সমুন্নত রাখতে শিক্ষার্থীদের ‘অ্যাম্বাসেডর’ হিসেবে ভূমিকা রাখতে হবে। এই সম্মাননা বিদেশে উচ্চশিক্ষা, ভর্তি ও স্কলারশিপ বা ফান্ডিং পাওয়ার ক্ষেত্রেও বড় ধরনের সহায়তা করবে। অনুজ শিক্ষার্থীদের জন্য এটি নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে। এর মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজের অবস্থান আরও সুদৃঢ় করতে পারবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য প্রফেসর ড এ কে এম মতিনুর রহমান, বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইদ্রিস আলী ও রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমান ও অতিথি হিসেবে ছিলেন আট অনুষদের ডিনবৃন্দ। এসময় আট অনুষদের বিভিন্ন বিভাগের ২০১৯-২০ বর্ষের

ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত ৩৬ শিক্ষার্থী-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।