☰
✕

রেফারিদের সিদ্ধান্তে হতাশ রিয়াল

১৪ অক্টোবর, ২০২৬

রেফারিদের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে হতাশ রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। দলের সেই ক্ষোভের কথা প্রকাশ করেছেন ফরাসি মিডফিল্ডার অরেলিয়েঁ চুয়ামেনি। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলতে চাননি তিনি। একই সঙ্গে রিয়ালের মাঝমাঠে খেলোয়াড়ের অভাব নিয়ে চলমান আলোচনাও এড়িয়ে গেছেন এই ফুটবলার।

চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন চুয়ামেনি। লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ের পর রেফারিং নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি রেফারিদের নিয়ে কথা বলতে চাই না। আমরা খুব হতাশ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা ম্যাচটি জিতেছি।’

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্টি রয়েছে রিয়াল শিবিরে। এ নিয়ে দলের কোচের বক্তব্যেও অসন্তোষের ইঙ্গিত মিলেছে। তবে চুয়ামেনি অতীতের ঘটনা নিয়ে পড়ে না থেকে সামনের ম্যাচে মনোযোগ দেওয়ার ওপর জোর দিয়েছেন।

রেফারিংয়ের পাশাপাশি রিয়ালের মাঝমাঠের গঠন নিয়েও প্রশ্নের মুখে পড়েন এই ফরাসি তারকা। টনি ক্রুস ও লুকা মদরিচের মতো খেলোয়াড়দের বিদায়ের পর মাঝমাঠে খেলার গতি নিয়ন্ত্রণ ও আক্রমণ তৈরির দায়িত্ব কে নেবেন, তা নিয়ে আলোচনা চলছে। সমালোচকদের একাংশের মতে, বর্তমান মিডফিল্ডারদের শারীরিক সক্ষমতা ও কারিগরি দক্ষতা থাকলেও আগের মতো খেলার ছন্দ নির্ধারণ করার মতো সৃজনশীল খেলোয়াড়ের অভাব রয়েছে।

তবে চুয়ামেনি বর্তমান দলের সামর্থ্যের ওপর আস্থা রেখেছেন। তার ভাষায়, ‘এ বিষয়ে আমার নিজস্ব মত আছে। এটা আপনাদের আলোচনার বিষয়। আমরা উচ্চমানের খেলোয়াড়, দলের জয়ের জন্য কাজ করি।’

মাঝমাঠে নতুন কাউকে দলে নেওয়া প্রয়োজন কি না, সে প্রশ্নেরও সরাসরি উত্তর দেননি চুয়ামেনি। বরং সিদ্ধান্তটি কোচ বা ক্লাবের সভাপতির ওপর ছেড়ে দিয়েছেন তিনি। তার কাছে আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাঠের পারফরম্যান্স।