১৬ অক্টোবর, ২০২৬
সিলেটের রান্নার বিশেষত্বের কথা উঠলে সাতকরা দিয়ে গরুর মাংসের নাম আসবেই।সাতকরার টক-তেতো স্বতন্ত্র স্বাদ আর মসলার ঘ্রাণে এই পদ হয়ে ওঠে অনন্য। গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে জমে যায় সিলেটি সাতকরা বিফ। ঘরেই সহজে তৈরি করতে জেনে নিন রেসিপি।
উপকরণ: ৫–৬ জন মানুষের জন্য- গরুর মাংস ১ কেজি, সাতকরা ৩–৪ টুকরা, পেঁয়াজ কুচি ২ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া দেড় টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ২ টুকরা, এলাচ ৪টি, কাঁচামরিচ ৬–৮টি, সরিষার তেল আধা কাপ, ধনেপাতা কুচি আধা কাপ, লবণ ও গরম পানি পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি: প্রথমে সাতকরা ধুয়ে মাঝারি টুকরা করে নিন। কড়াইয়ে সরিষার তেল গরম করে তেজপাতা, দারুচিনি ও এলাচ দিন। এরপর পেঁয়াজ দিয়ে সোনালি করে ভেজে আদা-রসুন বাটা ও গুঁড়া মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মাংস ও লবণ দিয়ে ১০–১৫ মিনিট কষিয়ে গরম পানি দিন। ঢেকে রান্না করুন, যতক্ষণ না মাংস প্রায় ৭০ শতাংশ নরম হয়।
এবার সাতকরা দিয়ে কম আঁচে আরও ২০–৩০ মিনিট রান্না করুন, যাতে সাতকরার স্বাদ মাংসে ভালোভাবে মিশে যায়। মাংস পুরোপুরি সেদ্ধ হলে কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে আরও ৫ মিনিট দমে রেখে নামিয়ে নিন। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু সিলেটি সাতকরা বিফ।