☰
✕

জেনে নিন ডিম ছাড়াই আলু দিয়ে মেয়োনিজ তৈরির রেসিপি

১৬ অক্টোবর, ২০২৬

বার্গার, স্যান্ডউইচ কিংবা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো মুখরোচক এসব খাবারের সঙ্গে মেয়োনিজ না থাকলে যেন স্বাদটাই ঠিক জমে না!ছোট-বড় সবারই পছন্দের এই ক্রিমি সস। তবে মেয়োনিজ তৈরিতে সাধারণত ডিম ব্যবহার করা হয় বলে অনেকে তা খেতে চান না বা পারেন না।

কিন্তু তাই বলে কি পছন্দের সস খাওয়া বন্ধ থাকবে? একেবারেই নয়! ডিম ছাড়াও আলু দিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারেন ঘন, মসৃণ ও সুস্বাদু মেয়োনিজ। উপকরণও খুব সাধারণ, আর তৈরির পদ্ধতিও বেশ সহজ। আসুন জেনে নেওয়া যাক আলু দিয়ে বাড়িতেই মেয়োনিজ বানাবেন যেভাবে-

উপকরণ

সিদ্ধ আলু মাঝারি আকারের ১টি

রসুনের কোয়া ১-২টি

লেবুর রস ১ চা চামচ

দুধ আধা কাপ

চিনি সামান্য

গোলমরিচের গুঁড়া এক চিমটি

সাদা তেল পরিমাণমতো

লবণ স্বাদমতো 

প্রস্তুত প্রণালি

প্রথমে আলু ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এরপর পুরোপুরি ঠান্ডা হতে দিন। এবার ব্লেন্ডারের জগে সেদ্ধ আলু, রসুনের কোয়া, লবণ, চিনি, লেবুর রস ও গোলমরিচের গুঁড়া নিন। সামান্য দুধ দিয়ে প্রথমে ভালোভাবে ব্লেন্ড করুন।

মিশ্রণটি ক্রিমি করতে ধীরে ধীরে তেল ও বাকি দুধ অল্প অল্প করে যোগ করতে থাকুন। সব উপকরণ ভালোভাবে মিশে মসৃণ ও ঘন হয়ে এলে ব্লেন্ডার বন্ধ করে দিন।

ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু ডিমবিহীন আলুর মেয়োনিজ! তৈরি মেয়োনিজ একটি পরিষ্কার, ঢাকনাযুক্ত পাত্রে ভরে ফ্রিজে রাখুন। যেহেতু এতে দুধ ও সেদ্ধ আলু রয়েছে, তাই দীর্ঘদিন সংরক্ষণ না করে অল্প পরিমাণে তৈরি করে দ্রুত খেয়ে নেওয়াই ভালো।