☰
✕

যে ভর্তা খেলে সুগার নিয়ন্ত্রণে থাকবে

১৮ অক্টোবর, ২০২৬

নিম পাতার তিতা স্বাদের কারণে খেতে পছন্দ করেন না। কিন্তু সামান্য কৌশলে এই তিতা পাতাকেই করে তোলা যায় মুখরোচক।গরম ভাতের সঙ্গে নিম পাতার ভর্তা খেতে বেশ ভালো লাগে। শুধু স্বাদ নয়, নিমের নানা স্বাস্থ্যগুণের জন্যও বহুদিন ধরে ঘরোয়া খাবারে জায়গা রয়েছে এই পাতার।

বাঙালির রান্নায় ভর্তা বা বাটা খাবারের কদর কম নয়। আলু, বেগুন কিংবা শাকের ভর্তার পাশাপাশি নিম পাতার ভর্তাও হতে পারে অন্য রকম পদ। বিশেষ করে যারা তিতা খাবার একেবারেই পছন্দ করেন না, তারাও একবার এই পদ চেখে দেখতে পারেন।

নিম পাতার ভর্তা বানাতে কী কী লাগবে?

নিম পাতার ভর্তা বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। লাগবে এক মুঠ টাটকা নিম পাতা, সামান্য সরিষার তেল, স্বাদমতো লবণ এবং কাঁচা মরিচ। চাইলে স্বাদ বাড়াতে অল্প পেঁয়াজও ব্যবহার করতে পারেন।

যেভাবে বানাবেন নিম পাতার ভর্তা?

প্রথমে নিম পাতা ভালো করে ধুয়ে নিন। এরপর পানি ঝরিয়ে পাতাগুলো শুকিয়ে নিন। একটি কড়াইয়ে সামান্য সরিষার তেল গরম করে নিম পাতা হালকা করে ভেজে নিন। বেশি ক্ষণ ভাজবেন না, এতে পাতার স্বাদ ও গন্ধ বদলে যেতে পারে।

ভাজা পাতা ঠান্ডা হলে তার সঙ্গে লবণ, কাঁচামরিচ ও সামান্য সরিষার তেল মিশিয়ে ভালো করে বেটে নিন। চাইলে অল্প পেঁয়াজও মিশিয়ে নিতে পারেন। তৈরি হয়ে যাবে সুস্বাদু নিম পাতার ভর্তা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই ঘরোয়া পদ।

নিম কি সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে?

নিমের পাতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে কি না, তা নিয়ে গবেষণা হয়েছে। ২০২০ সালে প্রকাশিত একটি ছোট মানব-পরীক্ষায় দেখা গিয়েছিল, নির্দিষ্ট মাত্রায় তৈরি নিম পাতার নির্যাস ডায়াবেটিসে আক্রান্ত কিছু মানুষের রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করেছে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিমের সম্ভাব্য ভূমিকার পাশাপাশি নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলাও জরুরি। নিম পাতা খাওয়ার জন্য নিজের ইচ্ছায় ডায়াবেটিসের ওষুধ বন্ধ করা বা ওষুধের মাত্রা পরিবর্তন করা উচিত নয়।

রক্ত পরিশোধনে নিমের ভূমিকা

নিম পাতাকে দীর্ঘদিন ধরে প্রাকৃতিক ব্লাড পিউরিফায়ার বা রক্ত পরিশোধক হিসেবে ব্যবহার করা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী, নিম শরীর থেকে ক্ষতিকর পদার্থ দূর করতে সাহায্য করে।

হজমশক্তি বাড়াতে নিম

নিম পাতা হজমশক্তি ভালো রাখতে এবং বদহজমের সমস্যা কমাতে সাহায্য করে বলে প্রচলিত ধারণা রয়েছে। ঐতিহ্যগত চিকিৎসায় পেটের বিভিন্ন সমস্যা ও সংক্রমণের ক্ষেত্রেও নিম ব্যবহার করা হয়।

কৃমিনাশক হিসেবে নিম

পেটের কৃমি দূর করতে ঐতিহ্যগতভাবে নিম পাতার ভর্তা ও রস ব্যবহারের প্রচলন রয়েছে। নিমের বিভিন্ন উপাদানের জীবাণুরোধী বৈশিষ্ট্য নিয়েও গবেষণা হয়েছে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিম

নিম পাতায় রয়েছে বিভিন্ন অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান। পাশাপাশি নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য নিয়েও গবেষণা হয়েছে। এসব গুণের কারণে ঐতিহ্যগতভাবে রোগ প্রতিরোধ ও সুস্থতা বজায় রাখার ক্ষেত্রে নিমের ব্যবহার রয়েছে।

ত্বকের সুরক্ষায় নিম

ত্বকের যত্নেও নিমের ব্যবহার বহুদিনের। ব্রণ, চুলকানি ও ত্বকের বিভিন্ন সমস্যায় নিম পাতা ব্যবহার করা হয়। নিমের জীবাণুরোধী বৈশিষ্ট্যের কারণে ত্বকের যত্নে এর ব্যবহার জনপ্রিয়।

নিম পাতার ভর্তা বাঙালির ঘরোয়া খাবারে স্বাদে ভিন্নতা আনতে পারে। তেতো স্বাদের এই পদ গরম ভাতের সঙ্গে খেতে যেমন ভালো লাগে, তেমনই নিমের ঐতিহ্যগত ব্যবহারও এর প্রতি আগ্রহ বাড়িয়েছে। তবে পরিমিত পরিমাণে খাওয়াই ভালো।