১৯ অক্টোবর, ২০২৬
যশোর জেলার আটটি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।
রোববার ফ্রন্টের প্রতিনিধি দল পূজা মণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং তারা সন্তোষ প্রকাশ করেন।
পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সমীর কুমার বসুর নেতৃত্বে পরিদর্শন দলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর জেলা কমিটির সদস্য সচিব রণজিত মিত্র ও অশোক কুমার সরকার ছিলেন।
এ দলটি প্রথমে বাঘারপাড়া উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন এবং প্রতিমা স্থাপন, সজ্জা ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা, বিদ্যুৎ সংযোগ, নিরাপত্তা ব্যবস্থা, অগ্নিনির্বাপন ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এরপর তারা চৌগাছা, ঝিকরগাছা ও সদর উপজেলার মণ্ডপগুলো পরিদর্শন করেন।
পরে ফ্রন্টের নেতারা স্থানীয় পূজা কমিটি ও প্রশাসনের সঙ্গেও মতবিনিময় করেন।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর কুমার বসু বাসসকে বলেন, যশোরের মণ্ডপগুলোতে পূজার আয়োজন সন্তোষজনক।
তিনি বলেন, ‘পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য আমরা স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।’
অতীতের মতো এবারও সম্প্রীতি ও আনন্দের মধ্য দিয়ে উৎসবের দিনগুলো আতিবাহিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।