☰
✕

ফ্রোজেন রুটি বা পরোটা খাওয়া কতটা স্বাস্থ্যকর?

২০ অক্টোবর, ২০২৬

সকালের ব্যস্ততায় নাশতা তৈরির সময় নেই। এমন পরিস্থিতিতে অনেকেরই ভরসা ফ্রোজেন রুটি বা পরোটা।প্যাকেট খুলে চুলায় সেঁকে নিলেই কয়েক মিনিটে তৈরি হয়ে যায় নাশতা।

ঝামেলা কম হওয়ায় ব্যস্ত মানুষের কাছে এর জনপ্রিয়তাও কম নয়। তবে সময় বাঁচানোর এই খাবারটি নিয়মিত খাওয়া কতটা স্বাস্থ্যকর, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

রুটি ও পরোটা মূলত শর্করার উৎস। রুটি বা পরোটা হিমায়িত করার কারণে এতে থাকা শর্করার পরিমাণ বদলে যায় না। ফলে শরীরের কার্বোহাইড্রেটের চাহিদা পূরণে এটি ভূমিকা রাখতে পারে। তবে ফ্রোজেন খাবার হিসেবে এটি স্বাস্থ্যকর কি না, তা নির্ভর করে এর উপকরণ ও তৈরির পদ্ধতির ওপর।

টাঙ্গাইলের সরকারি কুমুদিনী কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান শম্পা শারমিন খানের মতে, বাজারে পাওয়া ফ্রোজেন রুটি বা পরোটাকে নিয়মিত স্বাস্থ্যকর নাশতা হিসেবে বিবেচনা করা ঠিক নয়।

এর অন্যতম কারণ, অনেক ফ্রোজেন রুটি তৈরি হয় ময়দা বা পরিশোধিত আটা দিয়ে। এসব উপকরণে আঁশের পরিমাণ তুলনামূলক কম।

আঁশ কম থাকলে খাবার দ্রুত হজম হয় এবং রক্তে শর্করার মাত্রাও দ্রুত বাড়তে পারে। পরে তা কমে যাওয়ার ফলে অল্প সময়ের মধ্যেই আবার ক্ষুধা লাগতে পারে।

এতে ওজন নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য রক্তে শর্করার এমন ওঠানামা বিশেষভাবে সমস্যার কারণ হতে পারে।

অন্যদিকে, ফ্রোজেন রুটিতে কিছু ক্ষেত্রে সংরক্ষণকারী উপাদান বা প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। তাই প্যাকেটজাত রুটি কেনার সময় উপকরণের তালিকা দেখে নেওয়া জরুরি।

তবে ফ্রোজেন রুটি খেতেই হলে তুলনামূলক ভালো বিকল্প হতে পারে লাল আটার রুটি। এতে আঁশ বেশি থাকায় রক্তে শর্করা তুলনামূলক ধীরে বাড়ে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সহায়তা করে। ফলে মাঝেমধ্যে প্রয়োজনের কারণে লাল আটার ফ্রোজেন রুটি খাওয়া যেতে পারে।

ফ্রোজেন পরোটার ক্ষেত্রে বিষয়টি আরও সতর্কতার। বাড়িতে পরোটা তৈরির সময় কোন তেল ব্যবহার করা হচ্ছে, কতটা তেল দেওয়া হচ্ছে- এসব নিজের মতো নিয়ন্ত্রণ করা যায়।

কিন্তু প্যাকেটজাত পরোটার ক্ষেত্রে সেই সুযোগ থাকে না। কিছু ফ্রোজেন পরোটায় স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্সফ্যাট থাকতে পারে। ফলে নিয়মিত এ ধরনের খাবার খাওয়া হৃদ্‌স্বাস্থ্য ও ওজন নিয়ন্ত্রণের জন্য ভালো অভ্যাস নয়।

এ ছাড়া ফ্রোজেন পরোটাতেও সংরক্ষণকারী উপাদান থাকতে পারে। তাই খুব প্রয়োজন হলে মাঝেমধ্যে খাওয়া গেলেও প্রতিদিনের নাশতার অংশ হিসেবে ফ্রোজেন পরোটা বেছে নেওয়া ঠিক হবে না।

ব্যস্ত সকালে ফ্রোজেন রুটি-পরোটা সময় বাঁচাতে পারে, কিন্তু সুবিধাজনক বলেই তা প্রতিদিনের স্বাস্থ্যকর খাবারের বিকল্প হয়ে যায় না।

নাশতায় সম্ভব হলে লাল আটার তাজা রুটি, ডিম, সবজি বা অন্যান্য পুষ্টিকর খাবার রাখা ভালো। আর পরোটা খেতে হলে ঘরে তৈরি করে তেলের পরিমাণ নিয়ন্ত্রণ করাই তুলনামূলক নিরাপদ।