২৬ অক্টোবর, ২০২৬
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক অসুস্থ হয়ে ঝাউডাঙ্গা পাইলস অ্যান্ড মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, গত ২৪ অক্টোবর (শনিবার) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ২৫ অক্টোবর (রবিবার) রাত ৮টার দিকে তাকে ঝাউডাঙ্গা পাইলস অ্যান্ড মাল্টিকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসক ডা. সুজিত রায়ের তত্ত্বাবধানে চিকিৎসা নেন।
এ সময় ডা. সুজিত রায় তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। চিকিৎসক ডা. সুজিত রায় জানান, তাঁকে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। ভয়ের কোনো কারণ নেই, তিনি অতি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। এ সময় তিনি সংসদ সদস্যের দ্রুত সুস্থতা কামনা করেন।
চিকিৎসা শেষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক ঝাউডাঙ্গা পাইলস অ্যান্ড মাল্টিকেয়ার হাসপাতালের চিকিৎসাসেবা ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, হাসপাতালের চিকিৎসাব্যবস্থা ও পরিবেশ সার্বিকভাবে ভালো লেগেছে। ইউনিয়ন পর্যায়ে এ ধরনের একটি মানসম্মত হাসপাতাল প্রতিষ্ঠা এলাকাবাসীর জন্য নিঃসন্দেহে কল্যাণকর হবে।
পরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও এলাকা ঘুরে দেখেন। এ সময় বিভিন্ন কেবিনে গিয়ে ভর্তি রোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাঁদের খোঁজখবর নেন এবং সুস্থতার জন্য দোয়া করেন।
সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক তাঁর শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি সবার সুস্বাস্থ্য কামনা করেন।
এ সময় এলাকার সাধারণ মানুষ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।