২৬ অক্টোবর, ২০২৬
সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী জিসান আহমেদের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়েছে।
শিক্ষার্থী জিসান আহমেদ (২৩) গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হাসপিটালিটি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া মহল্লার আকবার আলীর একমাত্র ছেলে।
এনায়েতপুর থানার ওসি জাহিদ হাসান জানান, গত রবিবার ঢাকা থেকে চার বন্ধু মিলে এনায়েতপুর গোলামের হোটেলে খাবার খেতে আসেন। এ সময় যমুনা নদীতে গোসলে নেমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিসান পানিতে তলিয়ে যান। বন্ধুরা ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে বেলকুচি ফায়ার সার্ভিস দিনভর চেষ্টার পরও ব্যর্থ হয়। সোমবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের চেষ্টায় জিসানের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।