☰
✕

পটুয়াখালীতে ইটভাটায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা

২৭ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী সদর উপজেলার ঢেউখালী এলাকায় অবৈধভাবে স্থাপিত একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে স্টার বাবু ব্রিকস-১ নামের ইটভাটাটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভাটার কাঁচা ইট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, চিমনি ভেঙে ফেলা হয় এবং ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-হাসীব মো. তাসফিকুল ইসলাম। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক বি এম রকিব উদ্দিন।

এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক লোভানা জামিলসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অভিযানে আনসার ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর কার্যালয় পরিদর্শক বি এম রকিব উদ্দিন বাসসকে বলেন, পটুয়াখালী জেলায় এখন পর্যন্ত ২৭টি অবৈধভাবে স্থাপিত ইটভাটা শনাক্ত করে তালিকা করা হয়েছে। তালিকা থেকে আজকে একটি অবৈধ স্থাপিত ইটভাটায় অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে পটুয়াখালী জেলার বাকি অবৈধভাবে স্থাপিত ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।