☰
✕

হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে আনিসুল-মামুন

২৮ অক্টোবর, ২০২৬

চব্বিশের জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে জিহাদ হোসেন (২২) নামে এক যুবককে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

তিন দিনের রিমান্ড শেষে বুধবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলা থাকায় ওই সময় রিমান্ডে নিতে পারেননি তদন্তকারী কর্মকর্তা। গত ১৪ অক্টোবর রিমান্ড কার্যকরের জন্য তদন্তকারী কর্মকর্তা আদালতে আবেদন করেন।

আদালত ১০ কার্যদিবসের মধ্যে রিমান্ড কার্যকরের নির্দেশ দেন। এরপর রবিবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেন তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে আন্দোলনে অংশ নেন জিহাদ হোসেন।

সে সময় তিনি গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা নুরুল আমিন মোল্লা ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।