২৯ অক্টোবর, ২০২৬
কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে সশস্ত্র ডাকাত দল ‘রফিক বাহিনী’র সক্রিয় সদস্য শেখ বিজয়(২৩)-কে গ্রেফতার করেছে এসআরবি-১৫। এ সময় তার হেফাজত থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এসআরবি-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন এসআরবি-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি দল টেকনাফ মডেল থানাধীন নয়াবাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকায় অবস্থান করছে।
তথ্যের ভিত্তিতে ভোরে পশ্চিম মহেশখালীয়া পাড়া জনৈক মোঃ শাহজাহান এর বসত বাড়ির উত্তর পাশের খালপাড়ে এসআরবি আভিযানিক দল অবৈধ মাদক দ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করে। আভিযানিক দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাদক কারবারিরা দৌড়ে পালানোর চেষ্টাকালে শেখ বিজয়(২৩)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ সময় তার হেফাজত থেকে ১টি একনলা দেশীয় বন্দুক, ২টি ওয়ান শুটার এলজি, ১৭ রাউন্ড গোলাবারুদ, ২৭ রাউন্ড ফাঁকা কার্তুজ, ০৬টি ধারালো ছোরা ও ০১টি স্মার্টফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি শেখ বিজয়(২৩) কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন খারাংখালী (পূর্ব মহেশখালীয়া পাড়া) এলাকার বাসিন্দা শাহ আলম ও জহুরা বেগম দম্পতির ছেলে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।