২৯ অক্টোবর, ২০২৬
২৮ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের লেগ স্পিনার বেন হোয়াইট। ২০২১ সালে বেলফাস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে এই ক্রিকেটারের অভিষেক হয়েছিল। গত বছরের ডিসেম্বরে তিনি বাংলাদেশের বিপক্ষে দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন।
২০২৩ সালে হোয়াইট আয়ারল্যান্ডের হয়ে তিনটি ম্যাচে অংশ নিয়েছেন। সব ফরম্যাট মিলিয়ে তিনি দেশের হয়ে মোট ৪৩টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে ৩৮টিই ছিল টি-টোয়েন্টি। এক বিবৃতিতে হোয়াইট বলেন, দেশের প্রতিনিধিত্ব করার এবং সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলার শৈশবের স্বপ্ন পূরণ করার সুযোগ দেওয়ায় আমি ক্রিকেট আয়ারল্যান্ডকে ধন্যবাদ জানাই। তিনটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করা এবং টেস্ট ক্রিকেট খেলবো কখনো ভাবিনি। তবে এটি এমন একটি অর্জন, যা নিয়ে আমি সর্বদা গর্ববোধ করব। এই যাত্রায় যে অভিজ্ঞতা ও স্মৃতি পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।
হোয়াইট আয়ারল্যান্ডের হয়ে তিনটি আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে (২০২১, ২০২৪ ও ২০২৬) দলের সদস্য ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৪১টি উইকেট শিকারের মধ্য দিয়ে তিনি তার খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন।
হোয়াইটের অবসরের বিষয়ে আয়ারল্যান্ডের প্রধান কোচ গ্যারি উইলসন বলেন, এমন পরিস্থিতিতে বেনের অবসরের বিষয়ে আমার অনুভূতি মিশ্র। একদিকে আমি তার মঙ্গল কামনা করি এবং তার দীর্ঘ ক্যারিয়ারের জন্য তাকে অভিনন্দন জানাই। ৎআয়ারল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন পূরণে সে কতটা কঠোর পরিশ্রম করেছে, তা আমি খুব কাছ থেকে দেখেছি। তাকে দলের সবাই খুব মিস করবে।