১১ নভেম্বর, ২০২৬
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ইংল্যান্ড দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে পেসার ব্রাইডন কার্সের। ইংল্যান্ড লায়ন্সের ১৫ সদস্যের দলে তাকে রেখেছেন নির্বাচকরা। টেস্ট দলের পেসার জশ টাং সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে সিরিজের প্রথম ম্যাচে খেলবেন না। তার বিকল্প হিসেবে কার্সকে বিবেচনা করা হতে পারে।
গত আগস্টে ডার্বির একটি নাইটক্লাবের বাইরে হাতকড়া পরা অবস্থায় দেখা যায় কার্সকে, এমন একটি ভিডিও ভাইরাল হয়। পরে পুলিশ জানায়, তাকে গ্রেপ্তার করে আবার ছেড়ে দেওয়া হয়েছিল। এ ঘটনায় ডার্বিশায়ার পুলিশের তদন্ত শেষ হলেও ক্রিকেট রেগুলেটর তার বিরুদ্ধে অভিযোগ এনেছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত রায় আসেনি।
ঘটনার পর থেকে ইংল্যান্ডের কোনো দলে জায়গা পাননি কার্স। তবে ডারহামের হয়ে ঘরোয়াতে খেলা চালিয়ে গেছেন এবং জাতীয় দলের নির্বাচনের জন্যও বিবেচনাযোগ্য ছিলেন তিনি। তারপরও তাকে দলে না ডাকায় ইসিবির ব্যাখ্যা ছিল, আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুটা সময় দূরে থাকা প্রয়োজন কার্সের।
সোমবার দল ঘোষণার পর ইংল্যান্ডের নির্বাচক মার্কাস নর্থ বলেন, ‘ব্রাইডনের জন্য সময়টা বেশ কঠিন ছিল। সে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, তাতে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ তার কিংবা আমাদের জন্য উপযুক্ত মনে হয়নি। এ সময়ে তার সঙ্গে আমাদের অনেক আলোচনা হয়েছে। এখন আমরা মনে করছি, সে ইংল্যান্ডের পরিবেশে ফেরার মতো অবস্থায় আছে। আর লায়ন্স দলই তার ফেরার জন্য উপযুক্ত জায়গা।’