২৯ অক্টোবর, ২০২৬
ভারতে ডায়াবেটিস ও হৃদ্রোগের ওষুধের চাহিদা বাড়লেও গবেষণা ও উন্নয়ন ব্যয় বৃদ্ধির কারণে মুনাফা কমেছে দেশটির ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান টরেন্ট ফার্মাসিউটিক্যালসের। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট মুনাফা প্রায় ১০ শতাংশ কমেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রান্তিকে তাদের সমন্বিত নিট মুনাফা হয়েছে ৫৩৪ কোটি রুপি। আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ৫৯১ কোটি রুপি।
তবে ভারতের বাজারে প্রতিষ্ঠানটির বিক্রি বেড়েছে। দেশটিতে টরেন্ট ফার্মার বিক্রি ২০ শতাংশ বেড়ে ২ হাজার ১৮১ কোটি রুপিতে দাঁড়িয়েছে। ডায়াবেটিস ও হৃদ্রোগের দীর্ঘমেয়াদি চিকিৎসায় ব্যবহৃত ওষুধের চাহিদা বৃদ্ধির পাশাপাশি জেনেরিক সেমাগ্লুটাইডের বিক্রিও এতে ভূমিকা রেখেছে। সেমাগ্লুটাইড হলো নোভো নরডিস্কের ডায়াবেটিসের ওষুধ ওজেম্পিক এবং ওজন কমানোর ওষুধ ওয়েগোভির সক্রিয় উপাদান।
ভারতের বাজারে প্রবৃদ্ধির ফলে প্রতিষ্ঠানটির মোট আয় প্রায় ৫১ শতাংশ বেড়ে ৪ হাজার ৯৭৯ কোটি রুপিতে পৌঁছেছে। তবে একই সময়ে মোট ব্যয় প্রায় ৭১ শতাংশ বেড়েছে। গবেষণা ও উন্নয়ন খাতে ব্যয় বেড়েছে ৩৫ শতাংশ।
ব্যয় বৃদ্ধির প্রভাব পড়েছে মুনাফার হারেও। আগের বছরের একই প্রান্তিকে ১৭ দশমিক ৯ শতাংশ থাকলেও এবার তা কমে ১০ দশমিক ৭ শতাংশে নেমেছে।