☰
✕

সোনামসজিদ স্থলবন্দরে পণ্য সরবরাহ বন্ধ করল ভারত

৩০ অক্টোবর, ২০২৬

বন্দরে ভারতীয় ট্রাকচালক ও সহকারীদের অবস্থানকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য পাঠানো বন্ধ রেখেছে ভারত। 

আজ বৃহস্পতিবার সকাল থেকে ভারতীয় ট্রাকচালক ও সহকারীদের রাতে বন্দরের ভেতরে অবস্থান করার নির্দেশনাকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

সোনামসজিদ স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার মো. মাসুদ রানা বলেন, পণ্য খালাস না হওয়া পর্যন্ত ভারতীয় ট্রাকচালক ও তাদের সহকারীদের বন্দরে অবস্থান নিশ্চিত করতে গত ৬ অক্টোবর ভারত ও বাংলাদেশের বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। এর প্রতিবাদ জানিয়ে ভারতের মহদিপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিত ঘোষ পাল্টা চিঠি দেন। চিঠিতে পণ্য খালাসের অপেক্ষায় থাকা চালক ও সহকারীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে পণ্য পাঠানো বন্ধ রাখা হয়েছে। 

এদিকে সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোবিনুর রহমান মিয়া বলেন, পণ্য নিয়ে বন্দরে প্রবেশের পর খালাসের অপেক্ষায় থাকা ভারতীয় ট্রাকচালক ও সহকারীরা রাতে ভারতে ফিরে যান। পরে বাংলাদেশে প্রবেশের সময় তাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য বহনের অভিযোগ রয়েছে। এ ধরনের ঘটনায় আগেও কয়েকজন আটক হয়েছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এ কারণে পণ্য খালাস না হওয়া পর্যন্ত ভারতীয় ট্রাকচালক ও সহকারীদের রাতে বন্দরের ভেতরে অবস্থান করতে বলা হয়। তবে এ নিয়ে সৃষ্ট পরিস্থিতি সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে এবং দ্রুত সমাধান হবে বলে জানান তিনি