☰
✕

রাজবাড়ীর প্রথম নারী আইনজীবী দেবাহুতি আর নেই

৩১ অক্টোবর, ২০২৬

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থাকার পর মারা গেছেন রাজবাড়ীর প্রথম নারী আইনজীবী দেবাহুতি চক্রবর্তী। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৩ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

রাজধানীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ৩৪ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে রাজবাড়ীর সামাজিক, সাংস্কৃতিক ও নারী অধিকার আন্দোলনের অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

দেবাহুতি চক্রবর্তী রাজবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নারায়ণ বাবুর পুকুরচালা এলাকার কুমারেশ চক্রবর্তীর মেয়ে। তিনি রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের প্রথম নারী আইনজীবী ছিলেন। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও বিভাগীয় সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সংগঠনটির রাজবাড়ী জেলা শাখার সভাপতি হিসেবে টানা ১৫ বছর দায়িত্ব পালন করেন।

শিশুদের সাংস্কৃতিক বিকাশে তিনি ‘আবোল তাবোল’ নামে একটি শিশু সংগঠন প্রতিষ্ঠা করেন। অসহায় ও নির্যাতিত নারীদের আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি নারী অধিকার প্রতিষ্ঠায়ও কাজ করেছেন। নিজে ক্যানসারে আক্রান্ত হওয়ার পর রোগীদের পাশে দাঁড়াতে প্রতিষ্ঠা করেন ‘রাজবাড়ী ক্যানসার সোসাইটি’।

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৩ সালে তাঁর শরীরে ক্যানসার শনাক্ত হয়। বাংলাদেশ ও ভারতে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৯ অক্টোবর তাঁকে ঢাকার ডেল্টা হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মহিলা পরিষদের রাজবাড়ী জেলা শাখার সভাপতি পূর্ণিমা দত্ত জানান, দেবাহুতি চক্রবর্তী মৃত্যুর পর নিজের মরদেহ ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে দান করে গেছেন। শনিবার সকালে তাঁর মরদেহ রাজবাড়ী শহরের বাড়িতে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।