☰
✕

সালফার বার্পস: ঢেকুরে পচা ডিমের মতো গন্ধ? জেনে নিন কারণ

০১ নভেম্বর, ২০২৬

পেট ভরে খাওয়ার পর তৃপ্তির ঢেকুর তোলা মোটেও অস্বাভাবিক কিছু নয়। তবে সময়-অসময়ে যেখানে সেখানে ঢেকুর উঠলে সেটি অবশ্য বিড়ম্বনার বিষয়। পরিস্থিতি আরও বিব্রতকর হয়ে পড়ে যখন ঢেকুরের সঙ্গে পচা ডিমের মতো দুর্গন্ধ বের হয়। চিকিৎসাবিজ্ঞানে এটিকে বলে সালফার বার্পস। চিকিৎসকদের মতে, সাধারণত হজমের সময়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হয়। তাই মাঝেমধ্যে ঢেকুরে এমন দুর্গন্ধ হতেই পারে। তবে গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টরা বলছেন, পেটের কোনও সমস্যা বা হজমে গণ্ডগোল বাঁধলেই শুধু এই ধরণের ঢেকুর নিয়মিত উঠে-

যেসব কারণে সালফার বার্পস হয়

খাদ্যতালিকায় সালফারযুক্ত খাবার বেশি: মাংস, মাছ, ডিম, দুধ, ব্রকোলি, বাঁধাকপি, রসুন ও পেঁয়াজের মতো খাবার খেলে এই ধরনের সমস্যা বেশি হয়। কেননা, হজমের সময়ে এসব খাবার থেকে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হতে পারে, যা ঢেকুরে পচা ডিমের গন্ধের জন্য দায়ী।

বেশি ফাইবারজাতীয় খাবার খাওয়া: ওটস, বিনস, মটরশুটি, চিয়া বীজের মতো যেসব শস্যদানায় প্রচুর ফাইবার থাকে। হঠাৎ এ জাতীয় খাবার বেশি পরিমাণে খেলে অনেকের পেটে গ্যাস হতে পারে। ফলে ঢেকুরে দুর্গন্ধ হয়।

খাওয়ার সময় তাড়াহুড়ো করা: দ্রুত খাবার খাওয়ার ফলে পেটে গ্যাস জমে এ ধরণের ঢেকুর উঠতে পারে। এছাড়া তাড়াতাড়ি শ্বাস নেওয়া, ধূমপান কিংবা সোডার মতো গ্যাসযুক্ত পানীয় খাওয়ার অভ্যাস থাকলেও পেটে অতিরিক্ত গ্যাস জমে। যার ফলে ঢেকুর ওঠার প্রবণতা বাড়ে।

ফুড ইনটলারেন্স: গম বা আটার তৈরি খাবার অথবা দুধ ও দুগ্ধজাত খাবার খেলে অনেকেরই হজমে সমস্যা হয়। মূলত গ্লুটেন বা ল্যাক্টোজ হজম করার জন্য তাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে উৎসেচক থাকে না। এই সমস্যা যাদের রয়েছে তারা এই ধরনের খাবার খেলে দুর্গন্ধযুক্ত ঢেকুর উঠতে পারে।

পেটে সংক্রমণ: পাকস্থলীতে হেলিকোব্যাক্টর পাইলোরি নামের ব্যাকটেরিয়া সংক্রমণের কারণেও বার বার দুর্গন্ধযুক্ত ঢেকুর, পেটে ব্যথা এবং বদহজম দেখা দিতে পারে। এই সমস্যা দীর্ঘদিন থাকলে পাকস্থলী বা ক্ষুদ্রান্ত্রে আলসার হওয়ার ঝুঁকি থাকে।

ক্ষুদ্রান্ত্রে ব্যাকটেরিয়ার বংশবিস্তার: ক্ষুদ্রান্ত্রে স্বাভাবিকের তুলনায় বেশি ব্যাকটেরিয়া জন্মানোকে স্মল ইনটেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ বলা হয়। এই সমস্যা যাদের আছে তাদের দুর্গন্ধযুক্ত ঢেকুরসহ অতিরিক্ত গ্যাস, পেট ফাঁপা ও ডায়রিয়ার সমস্যা হতে পারে।

?অ্যাসিড রিফ্লাক্স বা জিইআরডি: পাকস্থলীর অ্যাসিড বার বার খাদ্যনালিতে উঠে এলে বুক জ্বালা, মুখে টক ভাব এবং দুর্গন্ধযুক্ত ঢেকুর উঠতে পারে। একে অ্যাসিড রিফ্লাক্স বলে।

ঢেকুর আসা বন্ধ করার উপায়

খাদ্যতালিকায় সালফারযুক্ত খাবার সাময়িকভাবে কমাতে হবে।

তাড়াহুড়ো না করে খাবার ধীরে ধীরে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন।

একবারে পেট ভরে না খেয়ে সারাদিনে অল্প অল্প করে খাবার খান।

ঘরোয়া টোটকা

দারচিনি ও জিরার চা খেতে পারেন। এটি হজমপ্রক্রিয়ায় সাহায্য করে এবং পেটের গ্যাস কমাতে জাদুকরী ভূমিকা রাখে।

গ্রিন টি বা পুদিনা পাতার চা পরিপাকতন্ত্রকে শান্ত করে এবং পচা ডিমের মতো দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।

এক গ্লাস কুসুম গরম পানিতে এক চামচ খাঁটি আপেল সিডার ভিনেগার মিশিয়ে খাবারের আগে পান করুন। এটি পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া কমাতে এবং হজমে সহায়তা করে।

কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত

মাঝেমধ্যে দুর্গন্ধযুক্ত ঢেকুর উঠলে চিন্তার কোনো কারণ নেই। তবে সমস্যাটি বেড়ে গেলে বা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।