০১ নভেম্বর, ২০২৬
নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। পুরুষের মতো নারীদের জন্যও নামাজ আদায় করা ফরজ। নারীদের জন্য ঘরে নামাজ আদায় করা অধিক উত্তম ও ফজিলতপূর্ণ। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, তাদের ঘরই তাদের জন্য উত্তম। (আবু দাউদ, হাদিস: ৫৬৭)
তবে প্রয়োজন দেখা দিলে মসজিদে নামাজ পড়া বৈধ। রাসুল (সা.) বলেছেন, তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। (সহিহ বুখারি, হাদিস: ৯০০)
নারীরা যদি ভ্রমণে বা নিজের ঘর থেকে দূরে থাকেন এবং ঘরে পৌঁছাতে পৌঁছাতে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে তার জন্য নিকটবর্তী কোনো নিরাপদ স্থানে নামাজ আদায় করা জরুরি। এ ক্ষেত্রে মসজিদ, ইবাদতখানা, নামাজের নির্ধারিত কক্ষ বা পর্দাসম্পন্ন কোনো নিরাপদ স্থান হলে সেখানে নামাজ পড়বেন।
যদি মসজিদ বা ইবাদতখানায় পুরুষ উপস্থিত থাকে, অথবা স্থানটি জনসমাগমপূর্ণ এলাকার পাশে হয়, তাহলে একান্ত প্রয়োজনের কারণে সেখানে নামাজ পড়া জায়েজ হবে। তবে শর্ত হলো, এমনভাবে নামাজ আদায় করবে যেন অপ্রয়োজনীয় মেলামেশা, দৃষ্টি আকর্ষণ বা অনিরাপদ পরিস্থিতির সৃষ্টি না হয়।
ওয়াক্ত চলে যাওয়ার আশঙ্কা থাকলে মহিলা নিকটবর্তী মসজিদ বা ইবাদতখানায় নামাজ পড়তে পারবেন, প্রয়োজনে কোনো নিরিবিলি কোণ, নিরাপদ স্থান কিংবা পরিষ্কার খোলা জায়গায় নামাজ পড়বেন। বোরকা-নিকাব পরিহিত অবস্থায় পরপুরুষের সামনে নামাজ আদায় করলেও নামাজ সহিহ হবে।