০২ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে জমি ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে স্থাপন করা ড্রেজারের পাইপলাইন জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট ও অপসারণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত উপজেলার বেতকা ইউনিয়নের ন্যাশনাল কোল্ডস্টোরেজ সংলগ্ন এলাকা, কান্দাপাড়া সাকিনের কুন্ডেরবাজার ব্রিজের দক্ষিণ পাশে ধলেশ্বরী নদী এবং রান্ধুনীবাড়ি সাকিনের বেতকা-কুন্ডেরবাজার সড়ক সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ঘটনাস্থলে ড্রেজারের সঙ্গে সংযুক্ত পাইপলাইন দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। তবে অবৈধভাবে ড্রেজার লাইন স্থাপন করে বালু দিয়ে জমি ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে স্থাপিত পাইপলাইন জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট ও অপসারণ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে জমি ভরাট এবং অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।