☰
✕

ফেনীতে ৭২ স্বেচ্ছাসেবী সংগঠন ও সংগঠককে সম্মাননা প্রদান

০৩ নভেম্বর, ২০২৬

ফেনী জেলার ৬০টি স্বেচ্ছাসেবী সংগঠন ও ১২ জন স্বেচ্ছাসেবককে সম্মাননা দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক পরিবার। এছাড়া পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে এক হতদরিদ্রকে অটো রিকশা দেওয়া হয়েছে। শহরের মিড টাউন কনভেনশন হলে স্বেচ্ছাসেবক পরিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠক ও প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। 

অধ্যাপক এম এ খালেক বলেন,‘স্বেচ্ছাসেবী সংগঠনগুলো অনেক মানবিক কাজ করে যাচ্ছে। আরো সহযোগিতা পেলে তারা অনেক ভালো কাজ করতে পারবে।’

তিনি বলেন, স্বেচ্ছাসেবক পরিবার এসব সংগঠনের পাশে থেকে নি:স্বার্থভাবে কাজ করছে। তিনি ভবিষ্যতেও এসব সংগঠনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজক কমিটির সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক পরিবারের মুখপাত্র ওসমান গনি রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সেক্রেটারি সালাউদ্দিন মামুন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, জেড ইউ হাসপাতালের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন পাঠান, ক্রীড়া সংগঠক শরীফুল ইসলাম অপু ও স্বেচ্ছাসেবী ওমর উদ্দিন পৃথী।