☰
✕

কথা কাটাকাটির জেরে ভাতিজার হাতে খুন চাচা

০৪ নভেম্বর, ২০২৬

সিলেটে কথা কাটাকাটির জেরে ভাতিজার হাতে খুন হয়েছেন রুস্তুম আলী (৫৫) নামে এক ব্যক্তি। বুধবার সকাল ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকার পুরান সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত ভাতিজা বিল্লালকে আটক করেছে পুলিশ।

নিহত রুস্তুম আলী কোম্পানীগঞ্জ উপজেলার ডাকাতিবাড়ি গ্রামের মৃত হাসান আলীর ছেলে। অভিযুক্ত বিল্লাল একই গ্রামের মহরম আলীর ছেলে। সম্পর্কে তিনি রুস্তুম আলীর ভাতিজা।

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে বিল্লালকে গালিগালাজ করেন রুস্তুম আলী। এ নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল বুধবার সকালে রুস্তুম আলীকে একা পেয়ে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বিল্লাল। পরে তিনি পালিয়ে যান।

স্থানীয়রা আহত রুস্তুম আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. ওছমান গনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।