☰
✕

যশোরে ট্রেন ও বাস দুর্ঘটনায় নিহত ৩

০৪ নভেম্বর, ২০২৬

যশোরের অভয়নগর ও ঝিকরগাছায় বুধবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। অভয়নগরে বাসের সঙ্গে সংঘর্ষে ভ্যানচালকসহ দু’জন এবং ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক মারা যান।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে অভয়নগরের মশরহাটী গ্রামে ভৈরব সেতুসংলগ্ন রেলক্রসিং এলাকায় যশোর-খুলনা মহাসড়কে সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের আব্দুল ওহাব (৫৫) ও যাত্রী সামাদ বিশ্বাস (৫০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল ওহাবকে মৃত ঘোষণা করেন। অপরজন সামাদ বিশ্বাস পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজ জানান, অতিরিক্ত রক্তক্ষরণে এ দুইজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ভ্যান উদ্ধার করা হয়েছে, পালিয়ে যাওয়া বাস ও চালকের সন্ধান করা হচ্ছে।

এদিকে দুপুর পৌনে ১২টার দিকে ঝিকরগাছায় যশোর-বেনাপোল মহাসড়কের গাজীরদরগাহ ফিলিংস্টেশন থেকে জয়কৃষ্ণপুরগামী সড়কের অরক্ষিত ও অননুমোদিত রেলক্রসিংয়ে বেনাপোল থেকে খুলনাগামী একটি খালি ট্রেন বেতনা এক্স্রপ্রেসের ধাক্কায় মুরগির খাদ্যবোঝাই কাভার্ডভ্যান দ্বিখণ্ডিত হয়। এতে চালক আতিয়ার রহমান (৫৫) গুরুতর আহত হন। তিনি ঝিকরগাছা পৌর এলাকার কাটাখাল কলোনিপাড়ার মুজিবর রহমানের ছেলে। স্থানীয়রা তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিকরগাছা রেলস্টেশনের স্টেশন মাস্টার নিগার সুলতানা জানান, ট্রেনটি বেলা ১১টা ৩৫ মিনিটে স্টেশন অতিক্রম করে। দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।