০৩ নভেম্বর, ২০২৬
খাগড়াছড়িতে বন্যাসহিষ্ণু ও উচ্চফলনশীল ব্রি ধান ১১০-এর ফসল কর্তন ও কৃষক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার পাইলটপাড়া প্রযুক্তি গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়।
স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে স্থানীয় কৃষক পল্টন চাকমার জমিতে ব্রি উদ্ভাবিত আমন মৌসুমের এ জাতের প্রদর্শনী বাস্তবায়ন করা হয়।
মাঠদিবসে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও খামার ব্যবস্থাপনা শাখার প্রধান মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাসির উদ্দিন চৌধুরী ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রি খাগড়াছড়ির বৈজ্ঞানিক কর্মকর্তা মীর ওবায়দুর রহমান শাওন। কৃষক বাবলু চাকমাও বক্তব্য দেন।
উল্লেখ্য, এর আগে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে ব্রি খাগড়াছড়ির উদ্যোগে কৃষক পল্টন চাকমাসহ ওই প্রযুক্তি গ্রামের মোট পাঁচজন কৃষকের পাঁচ একর জমিতে রাইস ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপণ করা হয়। এ জন্য কৃষকদের বিনা মূল্যে ধানের বীজ, সার, কীটনাশক, বালাইনাশক ও অন্যান্য উপকরণ দেওয়া হয়।