০৪ নভেম্বর, ২০২৬
খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার রায়ের মহল এলাকার চাঞ্চল্যকর তাঁতিদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি ফায়েক শেখকে (৪৩) ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে এসআরবি-৬ ও এসআরবি-৪-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর পল্লবী থানার সেকশন-১২-এর ব্লক-ই, রোড নম্বর ৮/৭৭ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ফায়েক শেখ খুলনার খালিশপুর থানাধীন রায়েরমহল পশ্চিমপাড়ার শেখ ইদ্রিস আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত হুমায়ুন কবির খুলনা মহানগর তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ১ নভেম্বর সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজের ব্যবসা প্রতিষ্ঠান হিল ক্যান্টিন নামের ফাস্টফুডের দোকানে বসেছিলেন তিনি। এসময় পূর্ব শত্রুতার জের ধরে ফায়েক শেখসহ মামলার অন্য আসামিরা ধারাল চাপাতি ও চায়নিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে সৈয়দ নূর আমিন বাদী হয়ে খুলনার আড়ংঘাটা থানায় ফায়েক শেখসহ অন্য আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
এসআরবি জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপির আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, ঘটনাস্থল কেএমপির আড়ংঘাটা থানার হলেও আসামিদের বাড়ি খালিশপুর থানা এলাকায়।
যদিও পুরো রায়ের মহল এলাকাটি দুই থানা এলাকার আওতাধীন।