২৯ সেপ্টেম্বর, ২০২৪
একসময় টয়লেটে বেশিরভাগেরই প্যান থাকলেও এখন সেই জায়গা দখল করে নিয়েছে কমোড। প্যান বা কমোড যাই হোক— এর ফ্লাশ কখনো মন দিয়ে খেয়াল করেছেন। প্রায় সব ফ্লাশে দুটো বোতাম থাকে। একটি ছোট, অন্যটি বড়।
কখনো কি মনে প্রশ্ন জেগেছে, কেন এই ফ্লাশে দুটো বাটন থাকে? এগুলোর কাজই বা কী? অনেকে না বুঝে দুটো বাটনই ক্লিক করেন। চলুন আজ আসল কারণ জেনে নিই-
ফ্লাশের বাটন টিপলে এর থেকে পানি বের হয় এবং বর্জ্য পরিষ্কার হয়। বড় বোতাম টিপলে একবারে পাঁচ-সাত লিটার পানি বেরিয়ে আসে। আর ছোট বোতাম টিপলে বের হয় তিন থেকে চার লিটার পানি।
কিছু ফ্লাশ ট্যাঙ্ক আকারে বড় বা ছোট হতে পারে। এমন পরিস্থিতিতে পানি নিষ্কাশনের ক্ষমতাও এর আকারের ওপর নির্ভর করে।
ফ্লাশের কোন বাটনের কাজ কী? প্রস্রাবের পর ছোট বোতামটি ব্যবহার করা উচিত। কারণ তখন ফ্লাশ করার জন্য খুব বেশি পানির প্রয়োজন পড়ে না। অন্যদিকে, মলত্যাগের পরে বড় বোতাম টিপতে হবে। কারণ এতে বেশি পানির প্রয়োজন হয়।
এর অর্থ হলো তরল বর্জ্যের জন্য কেবল ছোট বোতাম টিপতে হবে এবং কঠিন বর্জ্যের জন্য কেবল বড় বোতাম টিপতে হবে। দুটো বোতাম একসঙ্গে টিপার কোনো প্রয়োজন নেই।