০৪ নভেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও মাদকসেবীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে বৈষম্যবিরোধী মামলার দুই আসামি, ছয় মাদকসেবী, সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত মামলার একজন, ডাকাতি মামলার একজন এবং আদালতের পরোয়ানাভুক্ত একজন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ছয়জন হলেন- জাহিদ হাসান নিলয় (২১), রমজান (৪২), মো. কাউসার (২৮), মো. ফরহাদ (২৬), আবু সাঈদ (৩৩) ও মো. রুবেল (২৬)। তারা সোনারগাঁয়ের বিভিন্ন এলাকার বাসিন্দা। এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন মো. উজ্জল (৪৪) ও মো. বিল্লাল হোসেন (৩৬)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উজ্জল সোনারগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং বিল্লাল হোসেন পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য।
অন্যদিকে সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত মামলায় কুমিল্লার লালমাই উপজেলার উত্তর ধনপুর এলাকার আবু ইউসুফ (৩১), ডাকাতি মামলায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মোবারকপুর এলাকার সাইফুল ইসলাম (৩৮) এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে সোনারগাঁয়ের খিদিরপুর এলাকার মো. পারভেজ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ১১ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।