ত্বকের তারুণ্য বজায় রাখে এই ৩ প্যাক

৩০ সেপ্টেম্বর, ২০২৪

রোদে পোড়া ভাব, দাগছোপ, ব্রণ ইত্যাদি সমস্যা ত্বকে বয়সের ছাপ নিয়ে আসে। চেহারায় তারুণ্য চাইলে তাই নিয়মিত ত্বকের যত্ন নেওয়া জরুরি। পার্লারে গিয়ে রূপচর্চা করার সময় সবার হয় না। তার ওপর এসব কাজে ভালোই অর্থ খচর হয়। 
ঘরোয়া কিছু প্যাক ব্যবহারের মাধ্যমে ত্বকের তারুণ্য ধরে রাখা যায়। চলুন জেনে নিই বিস্তারিত- 

মধু ও কোকো পাউডার
ছোট একটি পাত্রে ১ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ কাঁচা দুধ আর কোকো পাউডার ভালো করে মিশিয়ে নিন। পনেরো মিনিট এই মিশ্রণ মুখে মেখে রেখে দিন। এরপর হালকাভাবে ঘষে তুলে ফেলুন। ঈষদুষ্ণ পানি দিয়ে মুখ ধুয়ে ত্বকের ধরন অনুযায়ী ভালো কোনও ময়েশ্চারাইজার মেখে নিন।

ওটমিল ও গুঁড়ো হলুদ
ছোট একটি পাত্রে ১ চা চামচ গুঁড়ো হলুদ, আধ কাপ ওটমিল আর ১ চা চামচ কাঠবাদামের তেল ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে মেখে রাখুন বেশ কিছুক্ষণ। হালকা হাতে ঘষে তুলে ফেলুন। শুষ্ক ত্বকে এক্সফোলিয়েটর হিসাবেও কাজ করে এই প্যাক। বলিরেখা পড়ার আগে থেকে যদি এই প্যাক নিয়মিত ব্যবহার করেন, তাহলে ত্বকের তারুণ্য খানিকটা হলেও বজায় রাখা সম্ভব হবে।

টক দই ও লেবুর রস
নিষ্প্রাণ ত্বকে প্রাণ ফেরাতে ভরসা রাখুন টক দই আর লেবুর রসে। এই দুটো উপাদান মিশিয়ে ভালো করে মুখে মেখে নিন। ১৫ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের কালচে দাগছোপ দূর হবে। তারুণ্য বজায় থাকবে।