পাকিস্তান ক্রিকেটকে বিদায় জানালেন তারকা স্পিনার

০৩ অক্টোবর, ২০২৪

বেশ দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট। ওয়ানডে বিশ্বকাপ থেকে যে খারাপ সময় শুরু সেটি আরও বাজে হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে এর থেকেও বড় নাটকের মঞ্চ পিসিবি। যেখানে পূর্ণ মেয়াদের আগেই  দায়িত্ব বদলাতে দেখা যায়। বরখাস্ত হচ্ছেন কেউ, আবার সমালোচনার জেরে নিজে থেকে সরে দাড়িয়ে থাকেন কেউ। 

সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে টেস্টে ভরাডুবি হয় ম্যান ইন গ্রিনদের। এরপর বাবরের ব্যাটিং নিয়ে হয় নানা সমালোচনা, এরপরই সাদা বলের অধিনায়ক থেকে হঠাৎ করেই বাবর আজমের পদত্যাগ। এর মধ্যে পাকিস্তান ক্রিকেটকে বিদায় জানালেন দেশটির তারকা স্পিনার উসমান কাদির। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট দিয়ে নিজের অবসরের ঘোষণা জানান তিনি। ২০২২ সালে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন এই তারকা।

অবসরের ঘোষণা দিয়ে  তিনি লেখেন, 'আজ আমি পাকিস্তান ক্রিকেট থেকে আমার অবসর ঘোষণা করছি। আমি পাকিস্তান ক্রিকেটের সাথে আমার যাত্রার জন্য তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমার দেশের প্রতিনিধিত্ব করা একটি বিশাল সম্মানের বিষয়। আমি আমার কোচ এবং সতীর্থদের সমর্থনের জন্য কৃতজ্ঞ যারা আমার সাথে প্রতিটি পদক্ষেপে পাশে ছিল।'

তিনি আরো লেখেন, 'অবিস্মরণীয় জয় থেকে শুরু করে আমরা একসাথে যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছি তা প্রতিটি মুহূর্ত আমার ক্যারিয়ারকে রূপ দিয়েছে এবং আমার জীবনকে সমৃদ্ধ করেছে। আমি গভীরভাবে কৃতজ্ঞ সেই আবেগপ্রবণ ভক্তদের যারা সবসময় আমার পাশে দাঁড়িয়েছে।'

'আমি যখন এই নতুন অধ্যায়ে পা রাখব, আমি আমার বাবার উত্তরাধিকার চালিয়ে যাব। ক্রিকেটের প্রতি আমার ভালবাসা এবং তিনি আমাকে যা শিখিয়েছেন তা উভয়ই গ্রহণ করব। আমি আমার সাথে পাকিস্তান ক্রিকেটের চেতনা এবং আমরা একসাথে তৈরি করা স্মৃতি বহন করব। সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ।'