০৮ নভেম্বর, ২০২৬
চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৩টার দিকে নগরের বন্দর থানার পোর্ট কানেক্টিং রোডের তালতলা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেয়। এসময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে বন্দর থানায় একটি মামলা করা হয়েছে।
বন্দর থানার ওসি আবদুর রহিম জানান, মিছিলের তথ্য পেয়ে পুলিশের একটি দল সেখানে হাজির হয়। পরে মিছিলকারীরা পুলিশ দেখে ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশের একটি গাড়ির কাচ ভাঙচুর করে। হামলার পরও পুলিশ মিছিলে অংশগ্রহণকারীদের ধরতে ধাওয়া করে। একপর্যায়ে ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, মিছিলে অংশ নেয়া অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃতদের আদালতে তোলা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।