☰
✕

যোগদান করলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার আশিক সাঈদ

০৯ নভেম্বর, ২০২৬

গাজীপুর মেট্রোপলিটনের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডিআইজি মো. আশিক সাঈদ। রবিবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। ২০তম ব্যাচের এই চৌকস পুলিশ কর্মকর্তা এর আগে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। 

গাজীপুর মেট্রোপলিটনের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন ভূইঁয়াসহ জিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা।

দায়িত্ব গ্রহণের পর তিনি সার্বিক আইনশৃঙ্খলার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় বক্তব্যে তিনি নিষ্ঠা, পেশাদারিত্ব এবং মানবিকতাকে অধিক গুরুত্ব দিয়ে সকল কর্মকর্তাকে সুচারুরূপে নিজ নিজ দায়িত্ব-কর্তব্য পালনে সচেষ্ট থাকার নির্দেশ প্রদান করেন। তিনি অচিরেই সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দসহ সকল স্তরের মানুষের সাথে এ বিষয়ে মতবিনিময় করার ইচ্ছা প্রকাশ করেন।