০৯ নভেম্বর, ২০২৬
ভাঙ্গায় বাসের ধাক্কায় কপিল মন্ডল (৪০) নামক এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের বাবলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কপিল মন্ডল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার আগদিয়া গ্রামের কালিপদ মন্ডলের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, কপিল মন্ডল মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গার দিক থেকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার আগদিয়া গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। ভাঙ্গার বাবলাতলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেল চালক কপিল মন্ডল গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।