☰
✕

নৌ অবরোধের পর এবার ইরানের স্থলপথেও নজর যুক্তরাষ্ট্রের

০৯ নভেম্বর, ২০২৬

ইরানে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র, বিস্ফোরক এবং দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি প্রবেশ ঠেকাতে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে বিশেষ বাহিনী গঠন করছে মার্কিন সামরিক বাহিনী। অস্ত্র সরবরাহ বন্ধের পাশাপাশি ইরানের অবৈধ আয়ের উৎসগুলোও বন্ধ করার লক্ষ্য রয়েছে এ উদ্যোগের।

গত শনিবার (৭ নভেম্বর) এ ঘোষণা দেওয়া হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টাস্কফোর্স আয়রন গেটের সদর দপ্তর হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায়। এটি মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) পাশাপাশি সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এ কার্যক্রমে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিচার বিভাগের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও যুক্ত হতে পারে। ইরানে সামরিক সরঞ্জাম সরবরাহের পথ বন্ধ করা এবং দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তির প্রবেশ ঠেকানো হবে এই টাস্কফোর্সের অন্যতম দায়িত্ব।

ইরানের সঙ্গে সাতটি দেশের স্থলসীমান্ত রয়েছে। দেশটির সঙ্গে ইরাক, তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, পাকিস্তান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের সীমান্ত রয়েছে। এসব সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৫ হাজার ৯০০ কিলোমিটার। এ ছাড়া কাস্পিয়ান সাগরে ইরানের প্রায় ৭৫০ কিলোমিটার উপকূল রয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে বলেন, বিভিন্ন মার্কিন সরকারি সংস্থার সঙ্গে সেন্টকমের সহযোগিতা বাড়ানো হলে সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্গঠন এবং সামরিক সরঞ্জামের মজুত পুনরায় পূরণে ইরানের সক্ষমতা সীমিত করা সম্ভব হবে।

সেন্টকমের হিসাব অনুযায়ী, নৌ অবরোধের কারণে ইরানের ২ হাজার ৫০০ কোটি ডলারের বেশি মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি বন্ধ হয়েছে।

ইরানের গোপন সরবরাহ নেটওয়ার্ক

রয়টার্সের এক অনুসন্ধানে উঠে এসেছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে সামরিক সরঞ্জাম, বিস্ফোরক ও ভারী যানবাহন আমদানির জন্য গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে ইরান। ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত এই নেটওয়ার্কের মাধ্যমে অন্তত ২০০ কোটি ডলারের সরঞ্জাম আমদানি করা হয়েছে।

অনুসন্ধান অনুযায়ী, রাশিয়া থেকে কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে পণ্যবাহী জাহাজে, মধ্য এশিয়া থেকে ট্রাকে এবং চীন থেকে কার্গো বিমানে এসব সরঞ্জাম ইরানে প্রবেশ করেছে। ফলে নৌ অবরোধ ও পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও বিকল্প পথে সামরিক সরঞ্জাম সংগ্রহ অব্যাহত রেখেছে তেহরান।

নতুন করে সংঘাতের আশঙ্কা

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের তৎপরতা বাড়লেও নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন। অন্যদিকে, ইরান উপসাগরীয় অঞ্চলের অবকাঠামোয় পাল্টা হামলার হুমকি দিয়েছে।

রয়টার্সের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী, ইরানে নতুন করে হামলা চালালেও দেশটির আলোচনার অবস্থানে মৌলিক পরিবর্তন আসার সম্ভাবনা কম। এমনকি এতে ইরানের সরকারের পতনও ঘটবে না বলে মনে করছে গোয়েন্দা সংস্থাগুলো।