০৯ নভেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে চলমান আলোচনায় অগ্রগতি হলে দেশটিতে পুনরায় মার্কিন হামলা চালানোর সম্ভাবনা ‘খুবই কম’। তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনে হামলা চালাতে প্রস্তুত। অন্যদিকে, ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প এক টেলিফোন সাক্ষাৎকারে বলেন, তারা (ইরান) একটি অত্যন্ত শক্তিশালী চুক্তিতে স্বাক্ষর করবে কি না, তার ওপর এটি নির্ভর করছে।
এর আগে ইরানে কঠোর আঘাত হানা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন হলে আমি আবার হামলা চালাব। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
ট্রাম্প দাবি করেন, ইরানের ৩৮টি সেতু যুক্তরাষ্ট্রের নিশানায় রয়েছে, যেগুলো মাত্র এক ঘণ্টার মধ্যেই ধ্বংস করা সম্ভব। তার দাবি অনুযায়ী, ইরান সরকারের এখন মাত্র ১০ শতাংশ ক্ষেপণাস্ত্র ও ১৫ শতাংশ ড্রোন সক্ষমতা অবশিষ্ট রয়েছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, শত্রুতা অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পর ওয়াশিংটনের অবস্থান বদলায় কি না, তেহরান এখন সেদিকেই তাকিয়ে আছে।
রাজধানী তেহরানে সাংবাদিকদের আরাগচি বলেন, এর মূল কারণ হলো যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল, যা স্পষ্টতই সবার কাছে একটি বড় ধাক্কা হিসেবে এসেছে। তিনি আরও বলেন, পরিস্থিতি শান্ত হতে এবং মধ্যস্থতাকারীদের পুনরায় সফরের অনুকূল পরিবেশ তৈরি হতে কিছুটা সময় লাগবে, তাই তাদের অপেক্ষা করতে হবে।