☰
✕

শার্শায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

০৯ নভেম্বর, ২০২৬

যশোরের শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডাবলু হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী মেহেদী হাসান রিফাত (১৯) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শার্শা-কাশিপুর সড়কের সুবর্ণখালী তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ডাবলু সুবর্ণখালী গ্রামের আবুল হোসেনের ছেলে। আহত রিফাত একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সুবর্ণখালী তিন রাস্তার মোড়ে একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক ডাবলু ও আরোহী রিফাত গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়ার সাকিব পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাবলুকে মৃত ঘোষণা করেন। আহত রিফাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।