০৯ নভেম্বর, ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ এলাকায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে আদিবা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটিকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল ৬টা ১২ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদিবা কুমিল্লার দাউদকান্দি উপজেলার সিরাজচর বাজার এলাকার ফয়সালের মেয়ে। সে পরিবারের সঙ্গে মীরহাজীরবাগের ওই ভবনের তৃতীয় তলায় থাকত।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. তাজমুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, বিকেলে শিশুটি ভবনের ছাদে গেলে সেখান থেকে নিচে পড়ে যায়।
তিনি বলেন, প্রতিবেশীদের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, পাশের বাড়ির এক নারী শিশুটিকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছেন। এ অভিযোগে ওই নারীকে আটক করা হয়েছে। তবে প্রকৃত ঘটনা কী, তা তদন্ত করে দেখা হচ্ছে।