১০ নভেম্বর, ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) রাত ১০ টার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী ‘দিগন্ত’ বাসটি গাড়াগঞ্জ এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটই বাজার এলাকায় সড়ক নির্মাণকাজের কারণে দীর্ঘ সময় যানজটে আটকে ছিল বিশ্ববিদ্যালয়ের বাসগুলো। যানজট ছাড়ার পর বাসটি চলতে শুরু করলে গাড়াগঞ্জের কাছাকাছি বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলে থাকা আরোহীরা বাস লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়েন। বাসটি চলন্ত অবস্থায় থাকায় বোমাটি চাকায় না লেগে রাস্তায় ছিটকে পড়ে। এতে বাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মামুনুর রশীদ বলেন, নিষিদ্ধ ছাত্রসংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা থেকে এ ঘটনা ঘটতে পারে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।