☰
✕

নেত্রকোনায় হাওর এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের আগুন

১০ নভেম্বর, ২০২৬

নেত্রকোনার মোহনগঞ্জে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের একটি বগির অন্তত চারটি আসন পুড়ে গেছে।

মঙ্গলবার ভোর ৬ টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। পরে ট্রেনের গার্ড ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ট্রেনটি যথা সময়ে অর্থাৎ সকাল আটটায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে প্রবেশ করে। থামার পর যাত্রীরা চলে যায়। এসময় ট্রেনের গার্ড ও কর্মীরাও নেমে বাইরে খাবার দাবার খেতে যায়। ট্রেনে ওই সময় কোন লোকজন ছিল না। এই সুযোগে একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। হঠাৎ আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে গার্ড ও কর্মীরা ছুটে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভায়।

স্টেশন মাস্টার বলেন, স্টেশনের পশ্চিম দিকে 'ড' বগিতে আগুন দেয়। ওই জায়গাটি প্লাটফর্মের বাইরে থাকায় সেখানে সিসিটিভি ক্যামেরা নেই। আগুনে ড বগির ৫-৬ ও ১১-১২ এই চারটি সিটের রেক্সিন কভার পুড়ে গেছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বগির চারটি সিট পুড়ে গেছে। পড়ে ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়।

যে বগিতে আগিন দিয়েছে সেটা সিসি ক্যামেরার আওতার বাইরে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।