☰
✕

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন, এলাকায় উত্তেজনা

১০ নভেম্বর, ২০২৬

রাজশাহীর তানোরে রাতের আঁধারে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার কলমা ইউনিয়নের আজিজপুর বাজারে অবস্থিত ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীরা জানান, রাতের কোনো এক সময় আজিজপুর বাজারে অবস্থিত ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনের খবর জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কার্যালয়ের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ অগ্নিসংযোগের জন্য আওয়ামী লীগকে দায়ী করে অভিযোগ করেছেন। তাদের দাবি, পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে আগুন দিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়েছে।

কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জানান, রাতের আঁধারে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে হবে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তানোর থানার অফিচার্স ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।