১০ নভেম্বর, ২০২৬
সুন্দর চরিত্র মানুষকে অন্যের কাছে সম্মানিত করে, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে সাহায্য করে। পক্ষান্তরে মন্দ স্বভাব, নোংরা আচরণ ও কুপ্রবৃত্তি মানুষের ব্যক্তিত্বকে কলুষিত করে এবং তাকে নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দেয়।
তাই একজন মুমিনের অন্যতম দায়িত্ব হলো নিজের চরিত্রকে সুন্দর করা, মন্দ অভ্যাস থেকে নিজেকে দূরে রাখা এবং প্রবৃত্তির অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা। তাইতো মহানবী (সা.) এই বিষয়ে অত্যন্ত চমৎকার একটি দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো,
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الْأَخْلَاقِ وَالْأَعْمَالِ وَالْأَهْوَاءِ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আ'মালি ওয়াল আহওয়াই।
অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি মন্দ চরিত্র, মন্দ কাজ ও কুপ্রবৃত্তি থেকে।
হাদিস : জিয়াদ ইবনে ইলাকাহ (রহ.) তাঁর চাচা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) এই দোয়া পড়তেন। (জামে তিরমিজি, হাদিস : ৩৫৯১)