☰
✕

মুন্সীগঞ্জের শ্রীনগরে বসতঘরে আগুন

১০ নভেম্বর, ২০২৬

 

 

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের বসতঘরগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাকশা এলাকায় সুমন মৃধার বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার সময় ইলেকট্রিক চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। টিন ও কাঠ দিয়ে নির্মিত ঘরটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্রসহ বসতঘরটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণে আগুন একটি ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে। ফলে আশপাশের অন্যান্য বসতঘরে আগুন ছড়িয়ে পড়েনি।