☰
✕

কর্ণফুলী নদীর তীরে নির্মাণাধীন ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

১০ নভেম্বর, ২০২৬

 

 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কর্ণফুলী নদীর তীর ঘেঁষে অনুমোদন ছাড়াই নির্মাণাধীন ডি অ্যান্ড সি নামের একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত ইটভাটাটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিকেলে উপজেলার চরখিজিপুর এলাকায় নির্মাণাধীন ইটভাটাটিতে অভিযান  চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের জ্যেষ্ঠ রসায়নবিদ জান্নাতুল ফেরদৌস।     

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্থানীয় হাজী রফিক আহাম্মদ (৮৪) ডি অ্যান্ড সি নামের ইটভাটাটি নির্মাণ  করছিলেন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(খ) ধারা অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অনুমোদন না পাওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।