☰
✕

চিকিৎসককে মারধরের অভিযোগে যুবদল নেতা গ্রেফতার

১০ নভেম্বর, ২০২৬

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক চিকিৎসককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান খান সালামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইমরান খান সালাম বাকেরগঞ্জ পৌরসভার সাহেবগঞ্জ এলাকার বেলায়েত হোসেন খানের ছেলে।

হামলার শিকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরঞ্জিত দাস জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি হাসপাতালে রোগী দেখছিলেন। এ সময় সালামের বাবা বেলায়েত হোসেন খান তাঁর কক্ষে প্রবেশ করেন। কক্ষে তিনজন নারী রোগী থাকায় তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ছেলেকে ফোন করেন। পরে যুবদল নেতা সালাম কয়েকজন সহযোগীকে নিয়ে চিকিৎসকের কক্ষে এসে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন।

চিকিৎসক জানান, পরিস্থিতি বুঝতে পেরে তিনি কক্ষ থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সালাম ও তাঁর সহযোগীরা তাঁর ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এ ঘটনার পর চিকিৎসকেরা হাসপাতালের চিকিৎসাসেবা বন্ধ করে দেন। তবে জরুরি বিভাগে সেবা কার্যক্রম চালু রয়েছে।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম বলেন, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে অভিযুক্ত ইমরান খান সালামকে গ্রেফতার করা হয়েছে।