১১ নভেম্বর, ২০২৬
বরিশাল জেলায় ‘দক্ষতা উন্নয়ন ওরিয়েন্টেশন ও জেন্ডার সেন্সিটাইজেশন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন।
জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য দেন, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা ও সিসিপ প্রোগ্রামের জেন্ডার স্পেশালিস্ট মিজ্ জিনাত রহমান।
চ্যানেল আইয়ের উদ্যোগে এবং অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর সামাজিক প্রচার কর্মসূচির অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশের বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে সরকার বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি চালু রেখেছে। বর্তমান কর্মবাজারে শুধু উচ্চতর ডিগ্রি অর্জন করেই চাকরি নিশ্চিত করা সম্ভব নয়। কর্মক্ষেত্রে প্রবেশের জন্য প্রয়োজন নির্দিষ্ট বিষয়ে দক্ষতা।
তিনি জানান, দীর্ঘ সময় শুধু উচ্চশিক্ষার পেছনে ব্যয় না করে সরকারি অর্থায়নে কারিগরি ও ট্রেডভিত্তিক প্রশিক্ষণে অংশগ্রহণ তরুণদের উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। এছাড়া বিদেশে কর্মসংস্থানের জন্য নির্দিষ্ট কাজে দক্ষ হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ভাষা শেখার ওপরও গুরুত্ব দিতে হবে।
এ সময় তিনি দক্ষতার সঙ্গে ভাষাজ্ঞান থাকলে বিদেশে ভালো কর্মসংস্থান, সম্মানজনক অবস্থান ও অধিক আয় নিশ্চিত করা সম্ভব বলেও উল্লেখ করেন।
উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, সিসিপ প্রোগামের আন্তর্জাতিক সনদ ও উচ্চশিক্ষার্থীদের জন্য প্রচলিত বিভিন্ন কোর্স ঢাকার পাশাপাশি বিভাগীয় শহরগুলোতেও চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী, সফল উদ্যোক্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ইমাম ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।