১১ নভেম্বর, ২০২৬
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মঙ্গলবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমির সভাপতিত্বে এ অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. হেলাল সরকার, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, প্রণোদনা হিসেবে প্রত্যেক কৃষক বিনামূল্যে পাচ্ছেন এক কেজি সরিষার বীজ, এক কেজি পটাশ ও এক কেজি টিএসপি সার। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার মোট ২৬ হাজার কৃষকের মধ্যে পর্যায়ক্রমে কয়েকটি ধাপে এসব সার ও বীজ বিতরণ করা হবে। প্রথম ধাপে পাঁচটি ইউনিয়নের কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে।