বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

১১ অক্টোবর, ২০২৪

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার হিলি চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে এ শুভেচ্ছা বিনিময় হয়।

এ সময় হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন ভারত হিলি বিএসএফের ৬১ ব্যাটালিয়নের (ক্যাম্প-১) কোম্পানি কমান্ডার এসি বিজয় শর্মার হাতে ৫ প্যাকেট মিষ্টি তুলে দেন। বিএসএফের পক্ষ থেকেও মিষ্টি উপহার দেয়া হয়।

বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন বলেন, বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা দুই বাহিনী একে অন্যের মধ্যে এ ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি।

এরই ধারাবাহিকতায় আজকের এই মিষ্টি বিনিময়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও জানান তিনি।